পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মোঃসাকিল
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে কৃষকদের কাছে সার বিক্রি করার অপরাধে এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে পৌনে ৬টা পর্যন্ত পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্যহাট সংলগ্ন অইল্লারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে ও সরাসরি অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা সহায়তা করেন।
অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে বিসিআইসি সার ডিলার মেসার্স হাজী মোহাম্মদ রফিকুল ইসলামের স্বত্বাধিকারী হাজী মোঃ রফিকুল ইসলামকে (৬৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
স্থানীয় কৃষক ও গোপন সূত্রে জানা যায়, ওই এলাকায় কয়েকজন খুচরা বিক্রেতা ও ডিলার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করে আসছিলেন। কেজিপ্রতি নির্ধারিত ২৭ টাকার ইউরিয়া সার ৩২ থেকে ৩৫ টাকা, ২৭ টাকার টিএসপি (তিউনিসিয়া) সার ৪০ থেকে ৪৮ টাকা, ২১ টাকার ডিএপি সার ২৫ থেকে ৩০ টাকা এবং ২০ টাকার এমওপি সার ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম কার্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে এনএসআই-এর সার্বিক নজরদারি ও অংশগ্রহণে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। জনস্বার্থে ও কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এ জাতীয় আরো খবর...