দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বিআরটিসি বাস চাপাই নিতহ শিক্ষকের
মোঃ রাফি হোসেন,
নওগাঁ জেলা প্রতিনিধি,
নওগাঁ শহরের দয়ালের মোড়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক নিহত হয়েছেন। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮:৩০টার দিকে দয়ালের মোড়ে বেস্ট কেয়ার ল্যাবের সামনে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি চার্জারচালিত যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা নিহতের পরিচয় নিশ্চিত করেন। তিনি নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক ছিলেন। সহকর্মী, শিক্ষার্থী ও পরিচিতজনদের ভাষ্য অনুযায়ী, তিনি অত্যন্ত সৎ, বিনয়ী ও মানবিক গুণসম্পন্ন একজন মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শিক্ষা অঙ্গনসহ এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে চার্জারচালিত যান ও অটোরিকশার বেপরোয়া চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং অসচেতনতার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এসব অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত এক অটোচালকের মন্তব্যও উপস্থিত জনতার মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তিনি বলেন, "এই রাস্তায় মোটরসাইকেল চলার অনুমতি দেওয়া উচিত নয়।" তবে প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের আগেই এ ধরনের মন্তব্য না করে সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই জরুরি।
স্থানীয়দের মতে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু একটি পক্ষকে দায়ী না করে সকল চালকের দায়িত্বশীল আচরণ, ট্রাফিক আইন মেনে চলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
এ জাতীয় আরো খবর...