পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী মো. সাব্বির হোসেন সানি (৩৪)-কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গত ৩০ অক্টোবর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সাতবসু এলাকার মো. মালেকের ছেলে। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় বসবাস করতেন।
জেলা গোয়েন্দা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সানি বড় সাজ্জাদ ও বোরহানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। বিদেশে অবস্থান শেষে বড় সাজ্জাদের নির্দেশনায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে আসেন তিনি। এরপর থেকে চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
জিজ্ঞাসাবাদে সানি জানিয়েছেন, বড় সাজ্জাদের কাছ থেকে তিনি মাসিক ৫০ হাজার টাকা বেতন পেতেন। কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদা দাবির পর কেউ অর্থ দিতে অস্বীকৃতি জানালে কিংবা চাঁদা আদায় করতে ব্যর্থ হলে সানির নির্দেশে স্থানীয় সহযোগীদের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বাসা বা ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালানো হতো বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। সম্প্রতি চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি ঘটনার অডিও রেকর্ডও জেলা গোয়েন্দা পুলিশের হাতে এসেছে। অডিও রেকর্ডসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই-বাছাই এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, বড় সাজ্জাদ ও ডেভিড ইমনের নির্দেশনায় চট্টগ্রামে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত চক্রের সদস্যরা পুলিশের ধারাবাহিক অভিযানের মুখে অন্য জেলায় আত্মগোপন করছে। তবে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর...