মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান):
একই দিনে জোড়া সফলতা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জামালের ঘের এলাকায় পৃথক দুটি অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। এ সময় ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। অভিযান দুটি চালানো হয় শুক্রবার।
আটক ব্যক্তি হলেন নুর মোহাম্মদ (২০), পিতা মো. অলি আহমদ, এফডিএমএন ক্যাম্প-১-এর এফ/১৩ ব্লকের বাসিন্দা।
প্রথম অভিযানটি হয় শুক্রবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। তখন সন্দেহজনকভাবে চলাচলকারী নুর মোহাম্মদকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানটি হয় একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে। একই এলাকায়, সীমান্ত পিলার-৩২ থেকে ২০০ গজ অভ্যন্তরে জামালের ঘেরে টহলদল পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল পড়ে থাকতে দেখে উদ্ধার করে। তবে অস্ত্রের সঙ্গে কাউকে আটক করা যায়নি।
এ প্রসঙ্গে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে। সীমান্ত দিয়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাই পণ্য প্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ির দুর্গম সীমান্ত ব্যবহার করে একটি চোরাকারবারি চক্র মিয়ানমারের চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশে মাদক, অস্ত্রসহ নানা পণ্য পাচার করে আসছে, এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়েছে। সেই নজরদারির ফলেই ইয়াবাসহ একজনকে আটক ও পিস্তল উদ্ধার সম্ভব হয়েছে।
বর্তমানে ইয়াবাসহ আটক নুর মোহাম্মদকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া পিস্তলটি মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ওসি মো. মোজাম্মেল হক বলেন, অস্ত্রটি হস্তান্তর হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কারা এটি এনেছে ও উৎস কী তা তদন্ত করে দেখা হবে।
এ জাতীয় আরো খবর...