পারভেজ বাঙালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনায় টহল গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের উত্তর সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ৫টা ১০ মিনিটের দিকে চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে চট্টগ্রামমুখী সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ এলিট পরিবহনের বাসটি টহল পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ওই সময় গাড়িতে দায়িত্ব পালনরত ছয় পুলিশ সদস্য আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শফিক ও রানা গুরুতর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রাকিবুল হাসান ছয় পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ জাতীয় আরো খবর...