পারভেজ বাঙালী
চট্টগ্রাম প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে র্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ৮ থেকে ১০ জন মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর...