মোঃ রমজান আলী, বিভাগীয় প্রধান : ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ বিল্লাল হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমনের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) সামিউল ইসলামের নেতৃত্বে এএসআই মনোয়ার, এএসআই নিলু, এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বড়হিত ইউনিয়নের জুগিয়াখালী গ্রামে অভিযান চালান।
অভিযানকালে চণ্ডীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পরে আটক বিল্লাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এসি ল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এ জাতীয় আরো খবর...