অনিমেষ কুমার মহন্ত
উপজেলা প্রতিনিধি
পত্নীতলা, নওগাঁ।
নওগাঁর পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় বাবুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) নজিপুর ইউনিয়নের ফহিমপুর এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাবুল উপজেলার পদ্ম পুকুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরিবারের সদস্যদের দাবি, তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে ফহিমপুর এলাকায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে বাবুলের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা তদন্তের পর জানা যাবে।
পুলিশ আরও জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে বাবুলের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ জাতীয় আরো খবর...