কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর) : কুড়িগ্রামে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান২০২৬ শনিবার (১২ সেপ্টেম্বর২০২৬) কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান শুরু হয়।
ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি উপস্থিত থেকে একযোগে সারা দেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম প্রান্তও কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে যুক্ত হয়।কুড়িগ্রামে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ এবং জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের উপস্থিতিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।উদ্বোধন-পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার জিয়া বাজার ও পৌর বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রামের আয়োজনে শিক্ষার্থী-শিক্ষক, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।র্যালি শেষে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে বাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ, আঙিনা ও পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।কর্মসূচিতে বক্তারা বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দেওয়ার আহ্বান জানানো হয়।
এ জাতীয় আরো খবর...