মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি বান্দরবান:
আলীকদম জোনের আরএমও ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের লেংক্লাং পাড়ায় তিন শতাধিক পাহাড়ি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) আলীকদম জোনের ব্যবস্থাপনায় লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মুরুং সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা নেন।
ক্যাম্পে তার নেতৃত্বে একটি মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে এবং পরে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে লেংক্লাং পাড়া ও আশপাশের এলাকার বাসিন্দাদের উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন। পাশাপাশি অনেক পরিবারের আর্থিক সামর্থ্যও সীমিত। এ কারণে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দুর্গম এলাকা থেকে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যাতায়াতের সময় ও খরচ দুটোই বেশি। স্থানীয়ভাবে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
আলীকদম জোনের কর্মকর্তারা জানান, দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় মৌলিক সেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ থাকবে।
এ জাতীয় আরো খবর...