চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি
মোঃসাকিল
চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামে প্রবাসফেরত এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস (ইউনিয়ন পরিষদ) সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফারাজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। আহত ব্যক্তির বাড়িও একই উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম শহরমুখী ‘ঈগল পরিবহন’-এর একটি বাসের (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) সঙ্গে বিপরীত দিক অর্থাৎ চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মো. ফারাজের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর সহযাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে একজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হতাহত দুজনই লোহাগাড়ার বাসিন্দা বলে তিনি নিশ্চিত হয়েছেন।
এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরপরই বাসচালক গাড়ি ফেলে পালিয়ে যান। তবে বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ জাতীয় আরো খবর...