বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় চাতুরী চৌমুহনী বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সরকার দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এ আলী শপিং কমপ্লেক্সের চলাচলের রাস্তার জায়গায় কয়েকজন দোকান নির্মাণের উদ্যোগ নিলে ব্যবসায়ীরা বাধা দেন। এ নিয়ে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মার্কেট নিয়ে সংঘর্ষে আনোয়ারায় ব্যাবসায়ীদের উপর বিএনপির নেতা-কর্মীদের হামলার অভিযোগে
গুরুতর আহত ব্যবসায়ী সুমন ও এনসিপি নেতা দেলোয়ার।
আনোয়ারায় মার্কেটের জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন ব্যবসায়ী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ সাতজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ব্যবসায়ী নেতা আবদুল হামিদ সুমন ও আনোয়ারা উপজেলা এনসিপির সাবেক যুগ্ম-সমন্বয়কারী দেলোয়ার হোসেন রয়েছেন। জামায়াত ও এনসিপির নেতাদের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরাই তাদের ওপর হামলা করেছেন।
গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের এ আলী শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, ব্যবসায়ী আবদুল হামিদ সুমন (৪৫), আব্দুর রহিম (৩৫), ইকবাল কবির (৫০), সাইফুদ্দিন (৩০), শহিদ (৪০), আলী হোসেন (৩৫) ও আজগর (৪৫)। তাঁদের মধ্যে দেলোয়ার হোসেন এনসিপির সাবেক যুগ্ম-সমন্বয়কারী এবং আবদুল হামিদ সুমন বটতলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
ব্যবসায়ী আলী আহমেদের অভিযোগ, দুপুরের দিকে যুবদল নেতা নয়নের নেতৃত্বে কয়েকজন মার্কেটের চলাচলের রাস্তার ওপর দোকান নির্মাণ করতে আসেন। ব্যবসায়ীরা বাধা দিলে তাঁরা সেখান থেকে চলে যান। পরে বিকাল ৫টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাকির আহমেদ ও যুবদল নেতা আজম খানের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে ব্যবসায়ীদের ওপর হামলা চালান। এতে কয়েকজন আহত হন বলে দাবি করেন তিনি।
আহত দেলোয়ার হোসেনের অভিযোগ, তিনি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আবুল হোসেন মার্কেটের সামনে বসেছিলেন। এ সময় বিএনপির কয়েকজন নেতা-কর্মী তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
এনসিপির আনোয়ারা উপজেলা কমিটির সদ্য সাবেক যুগ্ম-সমন্বয়কারী সাজ্জাদ বলেন, সন্ধ্যার দিকে দেলোয়ার হোসেন একা মার্কেটের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন বিএনপি কর্মী তাঁর ওপর হামলা করেন। হামলাকারীরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীনের অনুসারী বলে দাবি করেন তিনি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাজারের ইজারাদার জাকির আহমেদ। তাঁর দাবি, বাজারের খালি জায়গায় তাঁর দলের কয়েকজন দোকান বসাতে চেয়েছিলেন। ব্যবসায়ীরা তাঁদের দোকান ভেঙে দেওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই ব্যবসায়ীদের ওপর হামলা করেন।
ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারা উপজেলা শাখার আমীর মাস্টার আবদুল গণি।একই দাবি জানিয়েছেন এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব জোবাইরুল আলম মানিক।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে চারজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, 'এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
এ জাতীয় আরো খবর...