নিহত পুত্রের মৃত্যুসংবাদে মায়েরও মৃত্যু গাজীপুরে
নিজস্ব প্রতিনিধি,
আবু নাসের মহিউদ্দিন,
গাজীপুরে ২৪ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন করল পিবিআই গাজীপুর, মূল হত্যাকারী ২ জন সহকারী ১ জন গ্রেফতার, এবং ছিনতাইকৃত অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার।
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক, আতাউর রহমান আতা মিয়া (৬০)-কে নৃশংসভাবে হত্যার পর তার মৃত্যুসংবাদে শোক ও মানসিক আঘাতে বৃদ্ধা মা জহুরা খাতুন (৭৫)-এর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যকর রহস্যের দ্রুত উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলা।
গত ২০/০৮/২০২৬ খ্রিঃ বিকাল আনুমানিক ৪. সময় আতাউর রহমান জীবিকার তাগিদে নিজ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন রাত আনুমানিক ৮. ঘটিকার পূর্বে কাপাসিয়া থানাধীন সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে নির্জন কলাবাগানের সামনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। নিহত পুত্রের মর্মান্তিক মৃত্যুসংবাদ শুনে শোক ও মানসিক আঘাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তার বৃদ্ধা মা জহুরা খাতুন। একই পরিবারের পরপর দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় কাপাসিয়া থানার মামলা নং-৩১, তারিখ-২১/০৮/২০২৬ খ্রিঃ, জি.আর. নং-২৬২, তারিখ-২১/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং পিবিআই গাজীপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার-এর নিবিড় তত্ত্বাবধানে পিবিআই গাজীপুর জেলা তাৎক্ষণিকভাবে ছায়াতদন্ত শুরু করে। পিবিআই গাজীপুর জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে। পাশাপাশি অ্যাডভান্সড আইসিটি, ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ২ জন মূল আসামী রাজীব খান (২৯) ও নকিবুল হাসান রাকিব (২৪)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাসস্ট্যান্ডের “আল-মদিনা এন্টারপ্রাইজ” নামক দোকানে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। চোরাই মালামাল জেনেও অটোরিকশাটি ক্রয় ও হেফাজতে রাখার অভিযোগে দোকানের মালিক মোঃ কিবরিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়। এছাড়া অটোরিকশা বিক্রয়ের ২২,০০০/- (বাইশ হাজার) টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রাজীব খান ও নকিবুল হাসান, রাকিবকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে তারা জানায়, ঋণের দায়ে জর্জরিত হয়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে এবং নকিবুলের দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় আতাউর রহমানকে সহজ টার্গেট হিসেবে বেছে নেয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন ফোন করে আতাউর রহমানকে নির্জন কলাবাগানের পাশে নিয়ে গিয়ে দড়ি দিয়ে গলা চেপে ধরে এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে অটোরিকশাটি নরসিংদীর হাতিরদিয়া এলাকায় নিয়ে গিয়ে পরিষ্কার করে ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকায় কিবরিয়ার নিকট বিক্রি করে।
পিবিআই গাজীপুর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার বলেন, “একজন নিরীহ অটোরিকশা চালককে হত্যা এবং তার পরপরই মায়ের শোকাবহ মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে অপরাধ সংঘটিত করে তারা পার পেয়ে যাবে। কিন্তু পিবিআইয়ের পেশাদারিত্ব, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহারের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর নেপথ্যে থাকা মূল আসামীদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তকারী কর্মকর্তা: জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারী পুলিশ পরিদর্শক (নিঃ), পিবিআই গাজীপুর জেলা।
আজ রোজ সোমবার ২৪/৮/২০২৬ ইং।