আলী মজনু বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের ক্ষতির পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
তিনি বলেন, দেশে যেন নির্বাচন না হয় এবং অস্থিরতা বজায় থাকে, সে জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে।
মন্ত্রী মিল্লাত আরও বলেন, দেশে ছড়ানো অপতথ্যের পেছনে একটি দলের কথিত ‘বট বাহিনী’ জড়িত। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
শুক্রবার (১৬ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করা হয়।
একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যেও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর...