দেবাশিষ কুমার দাস জেলা প্রতিনিধি, নওগাঁ।
দীর্ঘ প্রতীক্ষার অবসান, উচ্চশিক্ষায় নওগাঁর নতুন দিগন্তের সূচনা
দীর্ঘদিনের স্বপ্ন, নানা প্রতীক্ষা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়। জেলার উচ্চশিক্ষার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (প্লাবন মোটেল) এর নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।
উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি, কম্পিউটার ল্যাবসহ শিক্ষা কার্যক্রমের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও অনুষ্ঠানে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ সূচনায় অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের মো. ফজলে হুদা, নওগাঁ-৪ আসনের ডা. একরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের মো. জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ আসনের শেখ মো. রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, জেলা পরিষদ প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১২টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের হাতে আম্রপালি আমগাছের চারা তুলে দিয়ে বরণ করে নেন। পরিবেশবান্ধব এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সূচনা জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি বলেন, যুগোপযোগী, গবেষণাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিরা তাঁদের বক্তব্যে নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন, এ বিশ্ববিদ্যালয় শুধু নওগাঁ নয়, উত্তরাঞ্চলের সামগ্রিক শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয়। জেলার মানুষের বহুদিনের প্রত্যাশিত এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা নওগাঁর শিক্ষা ও উন্নয়নের ইতিহাসে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ জাতীয় আরো খবর...