কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার
ইয়াবা পরিবহনে ব্যবহৃত হার্ডজীপ গাড়ি জব্দ
পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজীপ গাড়িও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা চরফরিদ এলাকার ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ সদর এলাকায়।
সিএমপির ডিবি (বন্দর/পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিম এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বিপিএম-সেবা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসিবুর রহমানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ঘ-১৮-১৩১৭ নম্বরের একটি কালো রঙের হার্ডজীপ গাড়ি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সদস্য হিসেবে পরিচয় দেন। বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কার্যালয়ের সহকারী পরিচালকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর...