আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্তের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে ৫৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
গত বুধবার (১১ নভেম্বর) থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিশেষ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলীকদম ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ ৫৭ বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমনসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাধারণ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করতে বাহিনীটি নিয়মিত কাজ করে যাচ্ছে।
কর্মসূচির আওতায় চিকিৎসাবঞ্চিত মদক এলাকার ১৮টি পাড়ার ০ থেকে ১১ বছর বয়সী অর্ধশতাধিক শিশুকে সরকারি ইপিআই টিকাসহ হাম-রুবেলা, টাইফয়েড ও অন্যান্য প্রয়োজনীয় টিকা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন বয়সের প্রায় ৭৫ থেকে ৮০ জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের ও হতদরিদ্র জনগোষ্ঠীর আস্থার প্রতীক হিসেবে বাহিনীটি সবসময় পাশে রয়েছে। স্থানীয়দের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিওপির আওতাধীন সীমান্ত এলাকাগুলোতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ জাতীয় আরো খবর...