বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি ৮০ বোতল মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বকশীগঞ্জ থানাধীন মৃধাপাড়া থেকে লাউচাপড়াগামী পাকা সড়কের ডুমুরতলা এলাকায় মনু মিয়ার মুদি দোকানের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী থানার কর্ণঝোড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে উমর আলী (২৩), একই জেলার চুকচুকি গ্রামের ফকির বাদশার ছেলে মো. লাজু মিয়া (২৬) এবং কর্ণঝোড়া গ্রামের জাকির হোসেনের ছেলে বিজয় মিয়া (১৭)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিজয়কে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে এসআই মো. মোস্তাফিজুর রহমান, এএসআই দিদারুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে রয়েছে আইকনিক হোয়াইট হুইস্কি, রয়্যাল স্ট্যাগ হুইস্কি ও আইস ভদকা। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ, মাদক ও অস্ত্রের কারবারিদের জামালপুরে কোনো স্থান নেই। চোরাচালান চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। জনগণের সহযোগিতায় জামালপুরকে নিরাপদ ও চোরাচালানমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ জাতীয় আরো খবর...