পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি
কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭ থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গতকাল সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন আড্ডাস্থল ও সন্দেহজনক স্থান থেকে ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গায় অভিযান চালানো হয়। এ সময় আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের আটক করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।
অভিযানে ৩৫৪ জন কিশোরকে থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে, অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া মাদকসহ অন্যান্য অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
অভিযানের পর আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরা ও সময় কাটানোর বিষয়ে সতর্ক করা হয়। সন্তান কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, নিয়মিত কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ফিরছে কি না—এসব বিষয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি কিশোরদের পড়াশোনা, বন্ধুবান্ধব, চলাফেরা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে কিশোরদের দূরে রাখতে পরিবারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
জেলা পুলিশ বলছে, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
এ জাতীয় আরো খবর...