বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: মোঃ আলী মজনু বাবু::::
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে নূর হোসেন (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বকশীগঞ্জ পৌরসভার ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
জানা যায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় নূর হোসেনকে আটক করা হয়।
আটক নূর হোসেন বকশীগঞ্জ পৌরসভার ঝালরচর পশ্চিমপাড়া এলাকার মৃত ঘুটু শেখের ছেলে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর...