হামিদ হোসাইন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গত ১৫ অক্টোবর ২০২৬, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) প্রয়োজনীয় পরিকল্পনা ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে পূজামণ্ডপসমূহের রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সদর দপ্তর বিজিবি নির্দেশনা এবং ব্যাটালিয়নের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে ০৪ (চার) প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এ সময় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। পূজামণ্ডপসমূহে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বিজিবি সদস্যরা বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সর্বসাধারণকে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানে গড়ে উঠুক একটি সুন্দর ও সম্প্রীতিময় বাংলাদেশ।
এ জাতীয় আরো খবর...