‘পারভেজ বাঙালী, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় শুধু ওসিকেই নয়, তাঁর পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাতে বিদেশি একটি নম্বর থেকে ওসির সরকারি মোবাইল ফোনে একাধিক হুমকিমূলক বার্তা আসে। বার্তাগুলোতে গ্রেপ্তার অভিযান বন্ধ না করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে পাঠানো বার্তায় লেখা হয়, ‘কাফনের কাপড় রেডি রাখিস’।
এ ঘটনায় একই দিন জোরারগঞ্জ থানায় ৯০৪ নম্বরে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওসি আব্দুল হালিম।
ওসি জানান, থানার নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি, মাদকসংশ্লিষ্ট অপরাধী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের জের ধরেই তাঁকে হুমকি দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
তিনি আরও জানান, হুমকির ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরের পরিচয় শনাক্ত এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
এ জাতীয় আরো খবর...