যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ: ৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান
স্টাফ রিপোর্টার : এস কে শিপন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়া শিশুরা হলো— উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার ফিরোজের ছেলে ইসমাইল এবং শামীমের ছেলে ওসমান গনী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১:০০ টার দিকে ইসমাইল ও ওসমান গনী বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে শিশু দুটিচ পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। বেশ কিছু সময় পার হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে নদীতে তাদের কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল। ইতিমধ্যেই তারা নদীতে উদ্ধার কাজ শুরু করেছে। তবে ঘটনার পর টানা ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ শিশুদের উদ্ধারে ডুবুরি দল এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এদিকে এই ঘটনার পর থেকে রাধানগর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
আজ রোজ বৃহস্পতিবার ১৮-জুন ২০২৬।
এ জাতীয় আরো খবর...