পারভেজ বাঙালী, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় জাল ভিসা তৈরি ও জালিয়াতির অভিযোগে একটি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, জাল ভিসা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং পাঁচ হাজার জাল ভিসার ছাপযুক্ত পাতা উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) কোতোয়ালী থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেরিবাজার বাই লেইনের কাটাপাহাড় এলাকায় বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলায় অভিযান চালিয়ে আব্দুল মাবুদ (৫৩) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের নেতৃত্বে অভিযানে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোহেল রানাসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার আব্দুল মাবুদের হেফাজত থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, একটি কম্পিউটার মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, দুটি প্রিন্টার ও তিনটি সিল উদ্ধার করা হয়। এ ছাড়া ৫০টি বান্ডেলে রাখা প্রতিটিতে ১০০টি করে মোট পাঁচ হাজার ভিসার সিলমোহরযুক্ত প্রিন্টেড পাসপোর্টের পাতাও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রতারণা, জালিয়াতি ও জাল দলিল তৈরির অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫ ও ৪৬৮ ধারার পাশাপাশি বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১), ১১(২) ও ১১(৩) ধারা যুক্ত করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আব্দুল মাবুদের বিরুদ্ধে এর আগেও ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা রয়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দায়ের করা ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও সাইবার সুরক্ষা অধ্যাদেশসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
জাল ভিসা তৈরির সঙ্গে আর কারা জড়িত এবং উদ্ধার করা পাসপোর্ট ও ভিসার পাতাগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে পুলিশ।
এ জাতীয় আরো খবর...