পারভেজ বাঙালী, (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকায় গ্রেপ্তার সাব্বিরের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে রোববার (১৫ নভেম্বর) দুপুরে পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সাব্বিরের সঙ্গে স্থানীয় মুরাদ ও তার পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ১৪ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোর নামের একটি দোকানের ভেতরে মো. সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাব্বির।
এ ঘটনায় রাউজান থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে সাব্বির হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ির রান্নাঘরের সানসেটের ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আরও একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা টিপ চাকুর একটিই ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতের ঘটনায় ব্যবহার করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে আসামি।
সব মিলিয়ে অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সাব্বির হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর...