কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নে সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত শবেদ আলীর ছেলে মো. মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে সুপারি বাগানের ভেতরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন এবং পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানকালে সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি সতেজ গাঁজা গাছ উপড়ে জব্দ করা হয়।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত মাজেদুল ইসলাম মঞ্জু এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, পলাতক অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি চলমান থাকবে।
এ জাতীয় আরো খবর...