মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান):
বান্দরবানের আলীকদমে চোরাকারবারিদের হাত থেকে রক্ষা পেল ২১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা মূল্যের বনজ সম্পদ। বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযানে ৫ দশমিক ৫১ ঘনফুট সেগুন গোল কাঠ ও একটি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করা হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার ভোররাত সাড়ে ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলারঝিরি আব্বাস কারবারিপাড়া পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
৫৭ বিজিবি (আলীকদম ব্যাটালিয়ন) এর হাবিলদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবি টহলদল ও বন বিভাগের টিম যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। অভিযানকালে ঘটনাস্থলে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ৫৫ দশমিক ৫১ ঘনফুট সেগুন গোল কাঠ ও একটি মাহিন্দ্রা ট্রাক্টর উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সেগুন কাঠের সিজার মূল্য ১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা এবং মাহিন্দ্রা ট্রাক্টরটির সিজার মূল্য ২০ লাখ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ২১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা।
বুধবার সকাল ৮টার দিকে জব্দকৃত সেগুন কাঠ ও মাহিন্দ্রাটি আলীকদম উপজেলার তৈন রেঞ্জ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বিজিবি ও বন বিভাগের কর্মকর্তারা জানান, এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকলে সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় অবৈধ বনজ সম্পদ পাচার এবং কাঠ চুরি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ জাতীয় আরো খবর...