মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: দায়িত্ব পেয়ে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলীকদমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, আলীকদম উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নতুন ২২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিটের সময় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত ২২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে রশিদ আহমদ-কে আহ্বায়ক, আলী হায়দার রাব্বি-কে সদস্য সচিব এবং মোহাম্মদ হাবীব উল্লাহ-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, আলীকদম উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি করা হবে। একইসঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দলীয় কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে তারা কাজ করবেন। তারা বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমরা মাঠ পর্যায়ে থেকে কাজ করব। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দলের সকল নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এনসিপি আলীকদম উপজেলা শাখার নতুন এই কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।