মোঃ টিটো মিজান, শৈলকুপা উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ২৭ জন বীর শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কামান্নায় একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। একইসাথে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানের বাদ পড়া যোদ্ধাদের দ্রুত তালিকাভুক্ত করা, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিল এবং মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধির আশ্বাস দেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শৈলকুপা উপজেলার কামান্না রণাঙ্গনে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে আয়োজিত বিশাল সমাবেশ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, "বিগত দিনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করে অনেক অমুক্তিযোদ্ধা ও ভুয়া লোকদের তালিকাভুক্ত করা হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ভুয়াদের বাতিল করার কাজ শুরু করেছি। পাশাপাশি বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে খুব দ্রুতই মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানো হবে।
তিনি আরও জানান, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর নিয়মিত ভাতা ও কল্যাণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন ‘কল্যাণ অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রকৃত আন্দোলনকারী হয়েও তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের যাচাই-বাছাই করে গেজেটভুক্ত করার প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, "পার্শ্ববর্তী দেশে বসে যারা বাংলাদেশের একাংশ দখল কিংবা দেশে আগুন সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাদের কোনো অপতৎপরতাই সফল হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না।" দেশের চলমান উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান।
ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাগুরা সদর আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান, জেলা পুলিশ সুপার এবং জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
বক্তারা ১৯৭১ সালের ২৬ নভেম্বর কামান্নায় পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহীদ হওয়া ২৭ জন বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে ২৭ শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর...