চট্টগ্রামে ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে ফ্রেশার্স ও ফেয়ারওয়েল প্রোগ্রাম অনুষ্ঠিত
সালমান চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:
সাংস্কৃতি অঙ্গনের অন্যতম শিল্পী প্রিতম হাসানের উপস্থিতিতে, সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড পারফরম্যান্সে মুখরিত ছিল ইউএসটিসি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
চট্টগ্রামে গত ২২ নভেম্বর উৎসবমুখর পরিবেশ, বর্ণাঢ্য আয়োজন এবং আনন্দ-আবেগের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (USTC) ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি (BBTech)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেশার্স অ্যান্ড ফেয়ারওয়েল প্রোগ্রাম ২০২৬’।
ঐ দিন দিনব্যাপী এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতিময় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. নুরুল আবসার, বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও ফ্যাকাল্টি সদস্যবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রিতম হাসান। তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।
অনুষ্ঠানের একটি আবেগঘন মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সোলায়মান স্যারকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় অনুষ্ঠানস্থলে এক আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আনুষ্ঠানিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব, যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরবর্তীতে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্রেস্ট প্রদান অনুষ্ঠান। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ব্যান্ড পারফরম্যান্স। বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে রাত ১১টায় দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানানো এবং বিদায়ী শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও অর্জনকে সম্মান জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব এবং বিভাগের সামগ্রিক বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি করে এ আয়োজন।
সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত এবং ব্যান্ড পারফরম্যান্সে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বিশেষ করে জনপ্রিয় সংগীতশিল্পী প্রিতম হাসানের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে রাখে।
নবীনদের স্বপ্নময় পথচলার সূচনা এবং বিদায়ী শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের প্রত্যাশা—এই দুইয়ের মেলবন্ধনে আয়োজিত অনুষ্ঠানটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
একটি আয়োজনের সমাপ্তি হলেও থেকে যায় অসংখ্য স্মৃতি, সম্পর্ক ও নতুন সম্ভাবনার গল্প।
এ জাতীয় আরো খবর...