বন্দর প্রতিনিধি:
বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর বাজারের কে কে টাওয়ারে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না।
সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, প্রস্তাবিত উপদেষ্টা শাহানাজ জামান ও মোঃ নূরুল ইসলাম, অর্থ সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ এবং সাধারণ সদস্য নাজমুল হাসান সিয়াম।
সভায় সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ও গঠনতান্ত্রিক নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রচার করায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ বিষয়টি বিবেচনায় নিয়ে সভায় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি হাজী মুহসীন দেওয়ানকে সভাপতির পদ এবং ক্লাবের স্থায়ী সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে প্রতি মাসে চক্ষু চিকিৎসা শিবির আয়োজন, বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সদস্যদের অংশগ্রহণে ফ্যামিলি ডে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বসম্মতিক্রমে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু সাঈদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।