পারভেজ বাঙালী,
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় মো. কাজল নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালিশহর থানার হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় কাজলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত কাজল ওই এলাকার ১২ নম্বর গলিতে হাজী সোলেমান মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার খবর পেয়ে হালিশহর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।
এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর...