পারভেজ বাঙালী
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মোহাম্মদ আব্বাস উদ্দিনের ওপর হামলার ঘটনায় করা মামলায় সাংবাদিক মো. কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন হীমার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন কামরুল ইসলাম। শুনানি শেষে আদালত আবেদনটি প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, কামরুল ইসলামকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এজাহারে তাকে মোহনা টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। মামলাটি মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ২ সেপ্টেম্বর রাতের দিকে বারৈয়ারহাট থেকে বাড়ি ফেরার সময় লক্ষ্মীছড়া ব্রিজের কাছাকাছি এলাকায় আব্বাস উদ্দিনের পথরোধ করে হামলা চালানো হয়। মামলায় তিনজনের নাম উল্লেখের পাশাপাশি আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
হামলার ঘটনায় আব্বাস উদ্দিন আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় মারধর, টাকা ছিনিয়ে নেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এজাহারে আব্বাস উদ্দিনকে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আশরাফ সিদ্দিকী জানান, মামলার এক নম্বর আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেননি। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগের বিষয়ে সাংবাদিক কামরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর...