পারভেজ বাঙালী
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বায়েজিদ লিংক রোডে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের রামদা, একটি কাঠের হাতুড়ি, একটি চিকন বাটালি ও একটি রেতি উদ্ধার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবু মুসা ওরফে রফিক (২৬), জানে আলম (২৭) ও মো. ইয়াছের (২৫)। পুলিশ বলছে, তিনজনই কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী-২ এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা।
আকবরশাহ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় কাঠের তৈরি রামদা, হাতুড়ি, প্লাস্টিকের হাতলযুক্ত চিকন বাটালি ও কাঠের হাতলযুক্ত রেতি।
এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর-৩৪, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর...