
ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে এক বিধবা নারী সার ব্যবসায়ীকে ঘিরে প্রকাশিত সংবাদ ও পরবর্তী ঘটনাপ্রবাহে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
মেসার্স মাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোছা. বিলকিস বেগমের বিরুদ্ধে লাইসেন্স ভাড়া দিয়ে অন্য প্রতিষ্ঠানের নামে সার বিক্রির অভিযোগ প্রকাশের পর সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র।
একই সঙ্গে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ওই অসহায় নারী ব্যবসায়ীর কাছে কথিত চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগও উঠেছে কয়েকজন কথিত সাংবাদিকের বিরুদ্ধে।
যখন নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, ঠিক সেই সময়ে একজন বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে এমন ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়,
মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স মাসিক টাকার বিনিময়ে ব্যবহার করে মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রি করছেন রফিকুল ইসলাম।
এতে লাইসেন্সের বৈধতা ও সার বিপণনের নিয়মনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়।
তবে রবিবার (১৫ নভেম্বর) আহম্মেদপুর বাজারে সরেজমিন অনুসন্ধানে জানা যায়, মেসার্স মাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোছা. বিলকিস বেগম মরহুম আব্দুল মান্নানের স্ত্রী।
তাঁর স্বামী ২০০৯ সালে বড়াইগ্রাম উপজেলা সার-বীজ মনিটরিং কমিটি থেকে খুচরা সার বিক্রেতা হিসেবে একটি কার্ড পেয়েছিলেন।
২০১৯ সালে তাঁর স্বামীর মৃত্যুর পর পরিবারের অসহায় পরিস্থিতি বিবেচনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশক্রমে
উপজেলা সার-বীজ মনিটরিং কমিটি লাইসেন্সটি বিলকিস বেগমের নামে স্থানান্তর করে।
পরবর্তীতে ২০২২ সাল থেকে মো. রফিকুল ইসলাম ওই প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নামে বালাইনাশক বিক্রির পৃথক একটি লাইসেন্সও ছিল,
যা মেসার্স রফিকুল ট্রেডার্স নামে পরিচিত। ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড একই দোকানে টাঙানো থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলামকে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেন।
পরিদর্শনকালে একই দোকানে দুটি প্রতিষ্ঠানের দুটি সাইনবোর্ড দেখতে পেয়ে কর্মচারী রফিকুল ইসলামকে মেসার্স রফিকুল ট্রেডার্সের বালাইনাশক বিক্রির সাইনবোর্ডটি খুলে ফেলার নির্দেশ প্রদান করেন।
এদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান জানান, তিনি মাত্র এক মাস আগে বড়াইগ্রাম উপজেলায় যোগদান করেছেন।
বিষয়টি নজরে আসার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একই দোকানে খুচরা সার বিক্রি ও বালাইনাশক বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি রফিকুল ইসলামের বালাইনাশক লাইসেন্স বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন “গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা সমাজের দর্পণ।
একজন বিধবা নারী উদ্যোক্তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোথাও কোনো নিয়মগত অসংগতি থাকলে তা সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ ক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তা সরেজমিন তদন্ত,
প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, নির্দেশনা প্রদান এবং বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন ।
তিনি আরও জানান, বিলকিস বেগমকে দোকানের ট্রেড লাইসেন্স, দোকান ভাড়ার চুক্তিনামা এবং ম্যানেজার হিসেবে রফিকুল ইসলামকে নিয়োগের চুক্তিনামা নবায়ন করে দপ্তরে জমা দিতে বলা হয়েছিল।
তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ডকুমেন্টস ও লাইসেন্স বিলকিস বেগমের নামে, দোকান ভাড়ার চুক্তিও তাঁর নামে।
এমনকি সাইনবোর্ড, বিসিআইসি ডিলারের কাছ থেকে সার ক্রয়ের রশিদ এবং কর্মচারী নিয়োগের চুক্তিনামাও তাঁর নামে রয়েছে বলে জানান তিনি।
কর্মচারী রফিকুল ইসলাম বলেন, সারের দোকানে বালাইনাশক বিক্রি করা নিষেধ—এ বিষয়টি জানার পর থেকেই তিনি তা বন্ধ করেছেন এবং বালাইনাশকের সাইনবোর্ড খুলে ফেলেছেন।
এরপরও কেন তাঁকে ও প্রতিষ্ঠানের মালিককে নিয়ে এমন অভিযোগ তোলা হচ্ছে, তা তাঁর বোধগম্য নয়।
অন্যদিকে, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিলকিস বেগম অভিযোগ করে বলেন, তাঁর প্রতিষ্ঠানে মাঝেমধ্যেই সাংবাদিক পরিচয়ে কয়েকজন এসে চাঁদা দাবি করেন।
চাঁদা না দিলে ভিডিও ধারণ করে সংবাদ প্রকাশের ভয় দেখানো হয়। তিনি একজন অসহায় বিধবা নারী। সামান্য ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তাঁকে উদ্দেশ্য করে এমন হয়রানি ও ষড়যন্ত্রের বিচার চান তিনি।
এ বিষয়ে জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. কামাল হোসেনসহ স্থানীয় কয়েকজন জানান, বিলকিস বেগম একজন অসহায় বিধবা নারী।
তাঁর পক্ষে একা ব্যবসা পরিচালনা করা কঠিন হওয়ায় তিনি সীমিত বেতনে রফিকুল ইসলামকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁদের দাবি,
বিষয়টি যথাযথভাবে যাচাই না করে একজন নারী ব্যবসায়ীকে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। এতে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তবে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী ও স্থানীয়রা।
তাঁদের মতে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন অসহায় মানুষের ওপর চাপ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সাংবাদিক সংগঠনগুলোর নজর দেওয়া প্রয়োজন।
জেলা প্রতিনিধি,নাটোর।
তাং-১৭/১১/২৬ ইং
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬