
চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি
পটিয়া প্রেস ক্লাবের সদস্য না হয়েও সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীল পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের নেতারা।
রোববার (১ নভেম্বর) রাতে পটিয়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ করে প্রকৃত স্থায়ী সদস্য ও ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
সভায় বক্তারা বলেন, একটি পেশাদার সাংবাদিক সংগঠনকে কেন্দ্র করে এ ধরনের বিভ্রান্তিকর প্রচার শুধু সংগঠনের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, বরং সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও শিষ্টাচারকেও প্রশ্নবিদ্ধ করে।
পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আজমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর (ভোরের কাগজ), সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক (প্রথম আলো), অতিরিক্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী (দৈনিক জনতা), যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু (আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক কামরুল ইসলাম (আজকালের খবর), ক্রীড়া সম্পাদক ওবাইদুল হক পিবলু (সিপ্লাস টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাউছার আলম (কালের কণ্ঠ ও পূর্বদেশ) এবং আপ্যায়ন সম্পাদক শাহজাহান চৌধুরী (মানবজমিন)।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য এস এম জুয়েল (আমার বার্তা), আবদুল্লাহ আল নোমান (প্রতিদিনের কাগজ), রাফিউল আকরাম আলভী (খবরের কাগজ), মো. ওয়াহিদুল ইসলাম (মানবকণ্ঠ), মো. শাকিল (দৈনিক পুনর্জাগরণ বিডি ), তামিম চৌধুরীসহ আরও অনেকে।
সভায় বক্তারা জানান, ১৯৭৭ সাল থেকে পটিয়া প্রেস ক্লাব নিজস্ব গঠনতন্ত্র ও নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে। সংগঠনের সদস্য হতে হলে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে নিয়ম অনুযায়ী আবেদন করতে হয়। এরপর কমিটির অনুমোদনের মাধ্যমে সদস্যপদ দেওয়া হয়। একইভাবে গঠনতান্ত্রিক নিয়ম মেনেই সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হয়ে থাকে।
তাদের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস ক্লাবের সদস্য নন এমন কয়েকজন ব্যক্তি নিজেদের সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল হিসেবে পরিচয় দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ সাংবাদিক সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট সবার পারস্পরিক সম্মান, পেশাগত শিষ্টাচার ও সাংগঠনিক নিয়মনীতি মেনে চলা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, ভিত্তিহীন বক্তব্য কিংবা বিভ্রান্তিকর পরিচয় প্রচারের মাধ্যমে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচার বন্ধ করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পটিয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা এবং সাংবাদিক সমাজের সম্মিলিত মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান নেতারা।