প্রিন্ট এর তারিখঃ Nov 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর মাদ্রাসা বিভাগ পুনর্গঠন সম্পন্ন

ফারিদ খান , ইফতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধি,
সভাপতি - আবু হুরায়রা
সেক্রেটারি - সাইয়্যেদাইন আহমদ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন মাদ্রাসা বিভাগ শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ( ৬ নভেম্বর ২০২৬) শুক্রবার বিকালে মহানগর মজলিস কার্যালয়ে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ। ২০২৬-২৭ সেশনে ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মাদ্রাসা বিভাগ শাখার সভাপতি হিসেবে আবু হুরায়রা ও সেক্রেটারি সাইয়্যেদাইন দায়িত্বপ্রাপ্ত হন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, "সংগঠনের প্রতিটি দায়িত্ব কেবল কোনো সম্মান বা পদের পরিচয় নয়; বরং এটি মহান আল্লাহর দরবার থেকে আসা এক পরম আমানত। কে কতটুকু সততার সাথে এই দায়িত্ব পালন করেছি, কেয়ামতের সেই কঠিন ময়দানে রবের কাছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। তাই আমাদের নিয়তকে হতে হবে সর্বতোভাবে খাঁটি এবং প্রতিটি আন্দোলন ও কর্মপন্থা হতে হবে শুধুই রবের সন্তুষ্টি লাভের আশায়। কোরআন-সুন্নাহর শাশ্বত শিক্ষার আলোকে সহিহ জ্ঞান, গঠনমূলক তারবিয়াত ও দাওয়াতি প্রচারণার মাধ্যমে আমাদের এই প্রাতিষ্ঠানিক মাদ্রাসা ছাত্রসমাজকে ইলম, আমল ও তাকওয়ার শক্তিতে সুসংগঠিত করে তুলতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের মনে রাখতে হবে, ইসলামী রেনেসাঁ ও সমাজ সংস্কারের মূল প্রাণশক্তি হলো এই মাদ্রাসা ছাত্রসমাজ। তোমরাই রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র আমানত ও ইলমে দ্বীনের প্রকৃত ওয়ারিশ। আজকের এই বিভ্রান্তির যুগে বিশ্বমঞ্চে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে কওমি ও আলিয়া—উভয় ধারার ছাত্রদের ইলমি ও আধুনিক যোগ্যতায় সেরা হতে হবে। ইসলামী সমাজব্যবস্থা কায়েমের মহান লক্ষ্য অর্জনে প্রতিটি মাদ্রাসা শিক্ষার্থীকে সৎ, যুগোপযোগী, বিচক্ষণ ও সাহসী নেতৃত্বের গুণে আত্মপ্রকাশ করতে হবে। মনে রাখবে, এই ঈমানী ও আদর্শিক লড়াইয়ের ময়দানে সকল বাধা-প্রতিকূলতায় সবর (ধৈর্য) এবং অবিচলতাই হবে আমাদের চূড়ান্ত বিজয়ের আসল চাবিকাঠি।"
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা সাবেক সভাপতি তৌফিক বিন হারিছ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সভাপতি আবু বকর, ছাত্র মজলিস মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিয়াম আহমাদ, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম, সদর থানা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফয়সাল , প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪