প্রিন্ট এর তারিখঃ Nov 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2026 ইং
ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার

ময়মনসিংহ বিভাগীয় প্রধান: মোঃ রমজান আলী তারিখ: ০১ নভেম্বর ২০২৬।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দ ভাকুরী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের দিকনির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই মো. ওয়াজেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ২ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শাহরিয়ার ফয়সাল (২৫), সাজু মিয়া (২৫), সাকিব মিয়া (২৪), মীর মো. আব্দুল্লাহ (২৪) ও তন্ময় রায় চৌধুরী (২৫)। তারা সবাই ঈশ্বরগঞ্জ থানা এলাকার বাসিন্দা।
পরবর্তীতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অপর একটি মাদকবিরোধী অভিযানে মো. সাইফুলসহ আরও একজনকে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৬ জনকে গ্রেফতার এবং ২০ পিস কথিত ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে শাহরিয়ার ফয়সালের বিরুদ্ধে পূর্বের একটি সিআর মামলা (নং-৫৯৩/২৫, তারিখ ০৩ ডিসেম্বর ২০২৫) থাকার তথ্য জানিয়েছে পুলিশ। এছাড়া বর্তমান ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের রোববার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সংবাদদাতা: মোঃ রমজান আলী ময়মনসিংহ বিভাগীয় প্রধান দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪