প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর ): কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে মোবাইল কোর্ট দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আপুয়ার খাতা হিন্দুপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মুরাদ হোসেন (৩০) এবং আপুয়ার খাতা নয়া বন্দর এলাকার একরামুল হকের ছেলে ফিরোজ আলম (২৮)।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪