প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2026 ইং
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর) :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তিনটি পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) ভূরুঙ্গামারী ইউনিয়নের সামাদের ঘাট এলাকায় নদের উত্তর বরাবর বসানো তিনটি পয়েন্টে স্থাপিত ৩টি স্যালো ইঞ্জিনচালিত ড্রেজিং মেশিনের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামিলুর রহমান।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সামাদের ঘাট সংলগ্ন দ্বিতীয় পয়েন্টে নদ তীরবর্তী পাইপের সাথে সংযুক্ত একটি স্যালো মেশিন ও বেশ কিছু প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়। তবে প্রথম ও দ্বিতীয় পয়েন্টের নদীগর্ভে অবস্থিত ড্রেজিং কাজে ব্যবহৃত ২টি স্যালো মেশিন পানির গভীরে থাকায় তা তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রশাসনের কাছে হস্তান্তরের শর্তে মেশিন দুটি চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামালের জিম্মায় রাখা হয়েছে।
এছাড়া, নদের উত্তরের তৃতীয় পয়েন্ট থেকেও নদ তীরে পাইপে সংযুক্ত ১টি স্যালো মেশিন ও বালু উত্তোলনের পাইপ জব্দ করে প্রশাসন। তবে অভিযান টের পেয়ে নদের মাঝখানে থাকা একটি ড্রেজার নৌকা ২টি স্যালো ইঞ্জিনসহ পালিয়ে যেতে সক্ষম হয়। নদীর পাড় থেকে তাদের বারবার নৌকা তীরের দিকে ভেড়ানোর নির্দেশ দেওয়া হলেও তারা নৌযানটি তীরে আনেনি। পরবর্তীতে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া ২টি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়।
এ অভিযানে কাউকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান জানান, দুধকুমার নদের পরিবেশ ও বাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪