প্রিন্ট এর তারিখঃ Oct 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, পটিয়া (চট্টগ্রাম):
মোঃসাকিল
‘শিক্ষক কেবল পাঠ্যবইয়ের অক্ষরের সঙ্গে পরিচয় করিয়ে দেন না, তিনি মনের ভেতরে জ্বালিয়ে দেন চিরন্তন আলোকবর্তিকা। পথ হারানোর অন্ধকারে তিনিই তো কান্ডারি, যিনি ভালোবাসায় ও স্নেহে হাত ধরে শিখিয়ে দেন বেঁচে থাকার পরম নীতি ও আদর্শ।’—এই স্লোগানকে ধারণ করে সুগভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পটিয়া পৌরসভার খলিলুর রহমান মহিলা (ডিগ্রি) কলেজে উদযাপিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’।
“শিক্ষকদের সম্মান প্রদান, প্রজন্মকে অনুপ্রাণিত করা” (Honouring Teachers, Inspiring Generations) প্রতিপাদ্য সামনে রেখে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজ শিক্ষক মিলনায়তনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের উদ্যোগে এক আনন্দঘন ও আবেগপ্রবণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে কেক কাটা হয় এবং শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা উপহার। শিক্ষার্থীদের এই নিখাদ ভালোবাসা ও সম্মান দেখে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ও শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, বর্তমান অধ্যক্ষ এ.কে.এম. শামসুদ্দীন এবং উপাধ্যক্ষ হাসিনা খানম। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটির আনন্দ ভাগাভাগি করে নেন।
শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার পর্ব শেষে এই দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে এবং ক্যাম্পাসে সবুজের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
বক্তব্য পর্বে শিক্ষকবৃন্দ আবেগাপ্লুত কণ্ঠে ছাত্রীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, “ছাত্রীদের এই ভালোবাসা ও সম্মানই একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধই আগামী দিনে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪