প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, একটি ওয়ান শুটারগান ও সাত রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নাছির উদ্দীন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে নাছির উদ্দীনের বসতঘরে অস্ত্র থাকার তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
রাত ৩টা ১০ মিনিটের দিকে পুলিশ নাছির উদ্দীনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে তল্লাশি চালানো হয়।
পুলিশের দাবি, নাছির উদ্দীনের দেখানো ও শনাক্ত করা তার শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭.৬৫ মিমি পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। কার্তুজগুলোর গায়ে ‘SHAKTIMAN EXPRESS MADE IN INDIA’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন পুলিশকে জানিয়েছেন, তার বন্ধু মো. তৈয়ব (৪৫), বাড়ি রাউজান এলাকায়, প্রায় তিন থেকে চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল বলে নাছির জানিয়েছেন।
পুলিশ বলছে, ঘটনায় সংশ্লিষ্ট পলাতক তৈয়বকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় The Arms Act, 1878-এর ১৯এ/১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪