প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
মাদকবিরোধী অভিযানে ৩৫৮ জন গ্রেপ্তার

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি।
দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করা হয়। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দের ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
অভিযানে গ্রেপ্তার ৩৫৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৬৯ জন, আগের মামলায় ৭৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২ জন এবং কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৪ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন পরোয়ানায় ১১৫ জন এবং সাজা পরোয়ানায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪৯ জনকে। তাদের মধ্যে মাদক বহনের অভিযোগে ২ জন এবং মাদক সেবনের অভিযোগে ৪৭ জন রয়েছেন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।
এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে ৩০টি মাদক মামলা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৪ কেজি ৫৭২ গ্রাম গাঁজা, ২৫০ লিটার চোলাইমদ এবং ২৮ বোতল বিদেশি মদ।
জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪