প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2026 ইং
মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেবাশিষ কুমার দাস
জেলা প্রতিনিধি, নওগাঁ।
নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীদের সম্মতিতে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার সরিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের নেতা খগেন মালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যীশু সরেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার সভাপতি ধিরেন লাকড়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইন পাহান, সহ-সাধারণ সম্পাদক নয়ন ফিসপাট্টা, সাংগঠনিক সম্পাদক নিতাই পাহানসহ মর্শিদপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিতকরণ এবং ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা ও বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীদের সম্মতিতে সিবাই হাঁসদাকে সভাপতি, যীশু সরেনকে সাধারণ সম্পাদক এবং সাধন রায়কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪