প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান):
দুর্গম সীমান্ত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর উদ্যোগে আলীকদমের দুর্গম এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকা সহায়তা প্রদান করা হয়।
জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে কচুরছড়া জবিরাম কারবারী পাড়া স্কুলে সিমেন্ট সহায়তা প্রদানের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে তাদের স্কুলের বেতন ও শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনে সহায়তার লক্ষ্যে টিন প্রদান করা হয় এবং একইসাথে স্থানীয় অসহায় কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা এবং কৃষিভিত্তিক জীবিকা পুনরুদ্ধারের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে।
মানবিক সহায়তার অংশ হিসেবে একজন অসহায় পরিবারের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয় এবং একজন বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা এবং অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, জনসম্পৃক্ততা ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আলীকদমের দুর্গম সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্যে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তি নং-১৪/২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ (১০ সেপ্টেম্বর ২০২৬), অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪