প্রিন্ট এর তারিখঃ Sep 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ

বন্দর প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে ভুয়া পুলিশ সাজিয়ে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বন্দর সালেহ নগর এলাকার স্থানীয় চিহ্নিত সোর্স ‘আতুর মাসুদ’ ও তার গ্যাংয়ের একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কলাগাছিয়া এলাকার সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতুর মাসুদ দীর্ঘদিন ধরে ভুয়া পুলিশ সদস্যর সাথে নিয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন ‘সোর্স’ হিসেবে পরিচয় দিয়ে আসছিল। রাতে ও নির্জন এলাকায় ভুয়া পুলিশ সঙ্গে নিয়ে কিংবা পুলিশের মিথ্যা ভয় দেখিয়ে সাধারণ মানুষকে পথরোধ করে তল্লাশির নামে অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এই চক্রটি। এছাড়া মাদক ব্যবসার মিথ্যা নাটক সাজিয়ে নিরীহ লোকজনকে গ্রেপ্তার ও মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের দাবি, কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন অলিগলিতে সন্ধ্যার পর থেকেই ভুয়া পুলিশ নিয়ে আতুর মাসুদের উপস্থিতি বেড়ে যায়। সাধারণ দিনমজুর, রিকশাচালক ও ব্যবসায়ীসহ পথচারীদের আটকিয়ে ভয় দেখিয়ে পকেটে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয় চক্রটি। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না নিরীহ তরুণরাও। সামাজিক সম্মানহানির ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না, যার সুযোগ নিয়ে চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী ও কলাগাছিয়া এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা অবিলম্বে সোর্স ‘আতুর মাসুদ’ ও তার সহযোগী ভুয়া পুলিশদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশের নাম ভাঙিয়ে বা মিথ্যা পরিচয় দিয়ে কোনো ব্যক্তি বা চক্র যদি অপরাধমূলক কাজ করে, তবে তাদের ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪