প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস: অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা, নির্ধারিত রুটে যানবাহন

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস: অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা, নির্ধারিত রুটে যানবাহন
পারভেজ বাঙালী, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আয়োজিতব্য জশনে জুলুস ও ধর্মীয় কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত ২৫ আগস্টের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ আগস্ট ২০২৬, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে র্যালি ও মাহফিল অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচি সম্পন্ন করতে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জশনে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রায় সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার, মানুষ বা মূর্তির কুশপুত্তলিকা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
সিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মূল জশনে জুলুসের জন্য নির্ধারিত রুট হলো—সকাল ৮টায় ষোলশহর আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া ও লালখান বাজার হয়ে টাইগারপাস; এরপর একই পথ দিয়ে ফিরে জুলুসটি আলমগীর আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হবে।
এ ছাড়া জশনে জুলুস চলাকালীন লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারটি বন্ধ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ে ওই এলাকায় যান চলাচলে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।
সিএমপি জানিয়েছে, র্যালি শুরু হওয়ার পর থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আজ রোজ মঙ্গলবার ২৫/৮/২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪