প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
তোলারাম কলেজে রাজনৈতিক সংঘাত ও ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির তীব্র প্রতিবাদ : ছাত্র মজলিস

২০২৪ এর জুলাইয়ে এদেশের ছাত্রজনতা অকাতরে জীবন উৎসর্গ করেছিল কোটা, সন্ত্রাস, দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তে। বিশেষ করে শিক্ষাঙ্গন হবে সন্ত্রাস, দখলদারি ও সংঘাত মুক্ত এমনটাই ছিল জুলাই অভ্যুত্থানের মৌলিক প্রতিশ্রুতি।অথচ অভ্যুত্থানের দুই বছরের মাথায় দেশের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক সংঘাত লক্ষ্য করা যাচ্ছে, যা স্পষ্টত জুলাই আকাঙ্ক্ষার বিপরীত।
আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সভা শেষে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী ছাত্র মজলিস সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি আমির মুহাম্মদ সিয়াম এক বিবৃতিতে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গন হবে জ্ঞানচর্চা, সহাবস্থান ও মেধা বিকাশের মুক্তমঞ্চ। রাজনৈতিক দখলদারিত্বের এই নোংরা চর্চা সাধারণ শিক্ষার্থী, শিক্ষক কিংবা অভিভাবক—কারো কাছেই গ্রহণযোগ্য নয়।”তিনি আরও বলেন, “শিক্ষাঙ্গনে সংঘাতের অপসংস্কৃতি বহু আগেই ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে। এর পরও যারা ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসের পড়ালেখার স্বাভাবিক পরিবেশ ধ্বংস করছে এবং সাধারণ শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের এই দায়ভার গ্রহণ করতেই হবে। বিদ্যাপীঠের শান্ত পরিবেশ কলুষিত করার অধিকার কারো নেই।”
ইসলামী ছাত্র মজলিস সরকারি তোলারাম কলেজ শাখার পক্ষ থেকে অনতিবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
বার্তা প্রেরক
আমির মুহাম্মদ সিয়াম
সভাপতি
সরকারি তোলারাম কলেজ শাখা
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪