প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
লামায় ছাত্রশিবিরের র্যালি ও সমাবেশ, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

মোঃ আমির হোসাইন ছাদেকী
জেলা প্রতিনিধি (বান্দরবান):
বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে 'জুলাই আপরাইজিং রান-২০২৬' শীর্ষক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন রাজনৈতিক দাবি তুলে ধরেন বক্তারা।
বুধবার (৫ আগস্ট) সকালে লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী র্যালিতে অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা ও সংগঠনের ব্যানার বহন করে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লামা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বান্দরবান জেলা ইসলামী ছাত্রশিবিরের স্কুল সম্পাদক জসিম উদ্দিন বলেন, "সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"
লামা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল ইসলাম মারুফ বলেন, "সরকার জনগণের সঙ্গে গণভোট নিয়ে যে তামাশা শুরু করেছে, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না।" তিনি জুলাই আন্দোলনে আহত ও নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।
সমাবেশটি লামা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সঞ্চালনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, অধ্যাপক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামশুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪