প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
ইপিজেড থানার অভিযানে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও নগদ অর্থ উদ্ধার

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার পুলিশের অভিযানে এক চীনা নাগরিকের চুরি যাওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ, ইউএস ডলার এবং গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে একটি জুতা কারখানার নারী কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড)-এর এক্সেলসিয়র সুজ লিমিটেড কারখানার চায়নিজ কাস্টমার কক্ষ থেকে প্রতিষ্ঠানের টেকনিশিয়ান চীনা নাগরিক ওয়াং দুনইউনের ২ হাজার ৫০০ ইউএস ডলার, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, চীনা জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ডেবিট কার্ডসহ বিভিন্ন মালামাল চুরি হয়।
ঘটনার পর কারখানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একই প্রতিষ্ঠানের কর্মচারী মোছাঃ নাজিরা আক্তারকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে কারখানার এইচআর ম্যানেজারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ১৯ জুলাই ইপিজেড থানায় পেনাল কোডের ৩৮১ ধারায় একটি মামলা রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলার বারিক নগর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে নগদ ৯২ হাজার টাকা, ১ হাজার ৪১৭ ইউএস ডলার এবং চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪